নদীতে নয়, মন্দির প্রাঙ্গণেই বিশেষ পদ্ধতিতে শ্যামাকালী প্রতিমা নিরঞ্জন, আইহোতে ভক্তদের ঢল।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- প্রতি বছরের মতো এবারও মহা ধুমধামের সঙ্গে মন্দির প্রাঙ্গণেই সম্পন্ন হল মালদার আইহো অঞ্চল সার্বজনীন শ্রীশ্রী শ্যামাকালী মাতার প্রতিমা নিরঞ্জন পর্ব। তবে প্রচলিত রীতি অনুযায়ী নদীতে নিয়ে গিয়ে প্রতিমা নিরঞ্জন নয়, মন্দির প্রাঙ্গণেই বিশেষ পদ্ধতিতে সম্পন্ন করা হয় এই পর্ব।
প্রথা মেনে এবারও সাবমার্সিবল পাম্প চালিয়ে স্থানীয় টাঙ্গন নদীর জল তুলে সেই জল দিয়েই প্রতিমা নিরঞ্জন পর্ব সম্পন্ন করা হয়। এই উপলক্ষে মন্দির প্রাঙ্গণে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। দেবী বিদায়ের প্রাকলগ্নে মহিলারা মায়ের চরণে সিঁদুর ছুঁইয়ে আশীর্বাদ প্রার্থনা করেন। এরপর একে অপরকে সিঁদুর পরিয়ে সিঁদুর খেলায় মেতে ওঠেন তাঁরা। পাশাপাশি চলে একে অপরকে মিষ্টিমুখ করানোর পালা।
এই নিরঞ্জন পর্বে সাধারণ ভক্তদের পাশাপাশি উপস্থিত ছিলেন আইহো গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসনা মণ্ডল এবং আইহো অঞ্চল সার্বজনীন শ্রীশ্রী শ্যামাকালী পুজো কমিটির সদস্যরা। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে শেষ হয় শ্যামাকালী মাতার নিরঞ্জন পর্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *