
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:-রাজ্যজুড়ে ঢাকঢোল পিটিয়ে পালিত হচ্ছে প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ। সরকারি প্রচারে বলা হচ্ছে, গবাদি পশুর বিনামূল্যে চিকিৎসার জন্য প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রাণী সম্পদ বিকাশ কেন্দ্রে নিয়ে যেতে পারবেন পশুপালকরা। অথচ বাস্তব ছবিটা সম্পূর্ণ আলাদা ফালাকাটা ব্লকের শালকুমার গ্রাম পঞ্চায়েতের উমাচরনপুরের নয় মাইলে। সেখানে থাকা প্রাণী সম্পদ বিকাশ কেন্দ্রটি গত ১৫ বছর ধরে বন্ধ। ফলে সরকারি চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হয়ে বিস্তীর্ণ এলাকার পশুপালকদের নির্ভর করতে হচ্ছে স্থানীয় হাতুড়ে চিকিৎসকদের উপর। অভিযোগ, সেই সুযোগে চড়া দামে চলছে চিকিৎসা ও ওষুধ বিক্রির কারবার।
এলাকাবাসীর অভিযোগ, যে ইঞ্জেকশনের দাম ২০০ টাকা, তার জন্য নেওয়া হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা। শুধু তাই নয়, হাতুড়ে চিকিৎসকদের বাড়িতে ডেকে নিয়ে গেলে ওষুধের দাম তো রয়েছেই, সঙ্গে দিতে হচ্ছে যাতায়াতের খরচও। ফলে গবাদি পশুর চিকিৎসা করাতে গিয়ে আর্থিক চাপ বাড়ছে সাধারণ পশুপালকদের।
নয় মাইলের বাসিন্দা কাজি নুর ইসলাম জানান, ১৯৯৯ সালে মকলেশ্বর রহমান প্রধান পশু চিকিৎসাকেন্দ্রের ঘর তৈরির জন্য জমি দিয়েছিলেন। এরপর বেশ ভালোভাবেই চলছিল এখানকার চিকিৎসা পরিষেবা। কিন্তু ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। তারপর থেকে আজও খোলেনি।
তাঁর দাবি, এই এলাকার প্রায় ৯৯ শতাংশ মানুষই গবাদি পশু পালন করেন। কৃষিনির্ভর এই এলাকার বহু মানুষের কাছে গরু, ছাগল, ভেড়া পালন বিকল্প রোজগারের অন্যতম মাধ্যম। কিন্তু পশু অসুস্থ হলে এখন স্থানীয় হাতুড়ে চিকিৎসকদের উপরেই ভরসা করতে হচ্ছে। গবাদি পশুর প্রজননের ইঞ্জেকশন দিতে বিপুল টাকা খরচ হচ্ছে। অন্যান্য ওষুধ কিনতেও হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। তাঁর কথায়, সরকারি চিকিৎসাকেন্দ্রটি চালু থাকলে গরু, ছাগল, ভেড়া-সহ বিভিন্ন গবাদি পশুর চিকিৎসা বিনামূল্যেই করাতে পারতেন এলাকার মানুষ।
অপর বাসিন্দা রনজিত কুমার দে জানান, যাঁদের আর্থিক সামর্থ্য রয়েছে, তাঁরা হাতুড়ে চিকিৎসকদের দিয়ে পশুর চিকিৎসা করাচ্ছেন। কিন্তু যাঁদের সেই সামর্থ্য নেই, তাঁরা অনেক সময় ঝাড়ফুঁকের আশ্রয় নিচ্ছেন। এতে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। তাঁর অভিযোগ, সঠিক চিকিৎসার অভাবে বিভিন্ন সময় গবাদি পশুর মৃত্যুও ঘটছে। তাই অবিলম্বে সরকারি পশু চিকিৎসাকেন্দ্রটি পুনরায় চালুর দাবি জানিয়েছেন তিনি।
কাজি নুর ইসলামের আরও দাবি, শুধু শালকুমার গ্রাম পঞ্চায়েত নয়, ময়রাডাঙা এবং মাদারিহাট ব্লকের খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েতের একাংশের পশুপালকরাও এই কেন্দ্রের উপর নির্ভরশীল ছিলেন। কেন্দ্রটি বন্ধ থাকায় বিস্তীর্ণ এলাকার পশুপালকদের সমস্যায় পড়তে হচ্ছে।
এই বিষয়ে ফালাকাটা ব্লক প্রাণী সম্পদ বিকাশ কেন্দ্রের এক আধিকারিক জানান, বিষয়টি নিয়ে চিন্তাভাবনা চলছে।
রাজ্যজুড়ে যখন প্রাণী চিকিৎসার পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বার্তা দেওয়া হচ্ছে, তখন ফালাকাটার এই সরকারি কেন্দ্রটি কবে আবার চালু হবে, সেই প্রশ্নই তুলছেন এলাকার পশুপালকরা।












Leave a Reply