
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলির বিরুদ্ধে লাগামছাড়া ফি বৃদ্ধির অভিযোগ দীর্ঘদিনের। প্রতি বছরই বিভিন্ন খাতে বাড়তি ফি চাপানোর অভিযোগ ওঠে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। অন্যদিকে, উন্নত পরিকাঠামো বজায় রাখা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের যুক্তি দেখিয়ে ফি বৃদ্ধির পক্ষে সওয়াল করে স্কুলগুলি। যার জেরে আর্থিক চাপের মুখে পড়তে হয় অভিভাবকদের। এবার সেই সমস্যার সমাধানে বেসরকারি স্কুলগুলির ফি বৃদ্ধির ক্ষেত্রে কড়া অবস্থান নিল রাজ্য সরকার।
স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বছরে ৫ শতাংশের বেশি ফি বৃদ্ধি করা যাবে না। ইতিমধ্যে নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত ফি নেওয়া হয়ে থাকলে সেই টাকা অভিভাবকদের ফেরত দিতে হবে অথবা পরবর্তী সেমেস্টারের ফি-র সঙ্গে সমন্বয় করতে হবে। পাশাপাশি, বেসরকারি স্কুলগুলির ফি নিয়ন্ত্রণে একটি নির্দিষ্ট SOP বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করা হবে। শুক্রবার রাজ্যের ৩৬০টি বেসরকারি স্কুলের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে এই বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রয়োজনে ফি নিয়ন্ত্রণে আইন প্রণয়নেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, কয়েকটি স্কুল ইতিমধ্যেই ৯, ১২ এমনকী ১৫ শতাংশ পর্যন্ত ফি বাড়িয়েছে। দেশের সাতটি রাজ্যে বেসরকারি স্কুলের ফি নিয়ন্ত্রণে আইন রয়েছে। এ রাজ্যেও যাতে সেই ধরনের আইন আনতে না হয়, সেজন্য স্কুল কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। কলকাতার কয়েকটি নামী স্কুল ৯ শতাংশ ফি বৃদ্ধির অনুমতি চাইলেও সরকার তাতে সম্মতি দেয়নি। প্রতিটি স্কুলের ক্ষেত্রে আলাদাভাবে পরিস্থিতি খতিয়ে দেখবে শিক্ষা দফতর।
মুখ্যমন্ত্রীর কথায়, চলতি শিক্ষাবর্ষে কোনও স্কুল ৫ শতাংশের বেশি ফি নিয়ে থাকলে অতিরিক্ত অর্থ পরবর্তী সেমেস্টারের ফি-র সঙ্গে সমন্বয় করে দিতে হবে অথবা অভিভাবকদের ফেরত দিতে হবে। স্কুল কর্তৃপক্ষও এই বিষয়ে সম্মতি জানিয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে ফি বৃদ্ধির বিষয়টি কীভাবে নিয়ন্ত্রণ করা হবে, তা নির্ধারণের জন্য তৈরি হবে বিশেষ SOP।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন, শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী এবং CBSE-র প্রতিনিধিরা। অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের সমস্যার কথা সরাসরি সরকারের কাছে পৌঁছে দিতে আগামী ১ ডিসেম্বর থেকে দুটি পৃথক পোর্টাল চালু করার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
একটি পোর্টালের মাধ্যমে বেসরকারি স্কুলগুলি তাদের বিভিন্ন সমস্যা শিক্ষা দফতরকে জানাতে পারবে। অন্য পোর্টালে অভিভাবকরা নিজেদের পরিচয় গোপন রেখেই অতিরিক্ত ফি আদায় কিংবা আর্থিক চাপ সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। পাশাপাশি, সামগ্রিক সমস্যাগুলি খতিয়ে দেখতে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী বছর ২৮ ফেব্রুয়ারির মধ্যে ওই কমিটিকে শিক্ষামন্ত্রীর কাছে রিপোর্ট জমা দিতে হবে।
এছাড়াও স্কুলের সামনে যানজট নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক পুলিশ ও সিভিক ভলান্টিয়ার মোতায়েনের দাবিও বৈঠকে তুলেছে কয়েকটি স্কুল কর্তৃপক্ষ।
সরকারের মূল লক্ষ্য, বেসরকারি স্কুলগুলির ইচ্ছেমতো ফি বৃদ্ধি বন্ধ করে অভিভাবকদের আর্থিক বোঝা কমানো। বৈঠকে উপস্থিত অধিকাংশ স্কুল কর্তৃপক্ষও সরকারের এই অবস্থানের সঙ্গে সম্মতি জানিয়েছে বলে সূত্রের খবর। তবে সরকারি নির্দেশ কতটা কার্যকর হয় এবং আগামী দিনে বেসরকারি স্কুলগুলির ফি বৃদ্ধিতে বাস্তবে কতটা নিয়ন্ত্রণ আসে, এখন সেদিকেই নজর অভিভাবক মহলের।












Leave a Reply