স্পেস অন হুইলসে বিজ্ঞানের ছোঁয়া, প্রত্যন্ত গ্রামীণ স্কুলে ইসরোর চলমান প্রদর্শনী।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- প্রত্যন্ত গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা জাগিয়ে তুলতে অভিনব উদ্যোগ নিল ইসরো ও বিজ্ঞান ভারতী। ‘স্পেস অন হুইলস’ শীর্ষক চলমান বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত হল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বাদামাইল লক্ষী প্রতাপ উচ্চ বিদ্যালয়ে। মঙ্গলবার সকাল থেকেই বিদ্যালয় চত্বরে ছিল পড়ুয়াদের উৎসাহ ও কৌতূহলের ভিড়।জানা গেছে, ত্রিমোহিনী থেকে মালঞ্চা পর্যন্ত একাধিক স্কুলের ছাত্রছাত্রীদের এই প্রদর্শনী দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়।শুধু স্কুল পড়ুয়াই নন, এলাকার একটি শিক্ষক-শিক্ষণ কলেজের ছাত্রছাত্রীরাও এই বিজ্ঞান প্রদর্শনীতে অংশ নেন।মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ, রকেট প্রযুক্তি, সৌরজগৎ সংক্রান্ত নানা মডেল ও চিত্র প্রদর্শনের মাধ্যমে পড়ুয়াদের সামনে তুলে ধরা হয় বিজ্ঞানের বাস্তব প্রয়োগ।এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত বরণ লাহিড়ী বলেন, “আজ আমাদের বিদ্যালয়ে ইসরো এবং বিজ্ঞান ভারতীর যৌথ উদ্যোগে এই বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ত্রিমোহিনী থেকে মালঞ্চা পর্যন্ত বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করছে। বর্তমান সময়ে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানচর্চার আগ্রহ কিছুটা কমে যাচ্ছে। সেই আগ্রহ বাড়াতেই এই কর্মসূচির মূল লক্ষ্য।”প্রদর্শনী ঘুরে উচ্ছ্বসিত ছাত্রছাত্রীরাও। বিদ্যালয়ের ছাত্রী মৃন্ময়ী দেবনাথ জানায়, “এখানে এসে আমার খুব ভালো লাগছে। আমরা বইয়ে শুধু ছবি আর ডায়াগ্রাম দেখি। আজ সেগুলো মডেল হিসেবে সামনে দেখতে পেয়ে বিষয়গুলো অনেক পরিষ্কারভাবে বুঝতে পারছি।”শিক্ষকদের মতে, এই ধরনের চলমান বিজ্ঞান প্রদর্শনী গ্রামীণ এলাকার পড়ুয়াদের কাছে বিজ্ঞানের জটিল বিষয়কে সহজ ও আকর্ষণীয় করে তোলে। ভবিষ্যতে আরও বেশি করে এমন উদ্যোগ নেওয়া হলে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহ যে বাড়বে, তা নিয়ে আশাবাদী সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *