নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তায় বেআইনি ভাবে টোটো চলাচল বন্ধ করতে পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ দিল রাজ্য পরিবহণ দফতর। এই মর্মে বৃহস্পতিবার, ৭ অগস্ট, রাজ্য পুলিশের ডিজি-কে চিঠি দিয়েছেন পরিবহণ দফতরের প্রধান সচিব ড. রবি ইন্দর সিংহ।
পরিবহণ দফতরের চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, টোটো মূলত ‘লাস্ট মাইল কানেক্টিভিটি’-র জন্য ব্যবহারের কথা। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের ২০১৪ সালের নির্দেশিকা এবং রাজ্যের ২০১৬ সালের নির্দেশ অনুযায়ী, নির্দিষ্ট স্থানীয় রাস্তাতেই টোটো চলাচলের অনুমতি রয়েছে। জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো চলাচল নিষিদ্ধ। তবে কোনও ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ অনুমতি থাকলে তা ব্যতিক্রম।
কিন্তু সম্প্রতি বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসেছে, ওই নির্দেশ অমান্য করে জাতীয় ও রাজ্য সড়ক-সহ গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো চলাচল করছে। এর ফলে যানজটের পাশাপাশি পথ নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হচ্ছে বলে জানিয়েছে পরিবহণ দফতর।
চিঠিতে ২০২৩ সালের ৯ অক্টোবর এবং ৫ সেপ্টেম্বর জারি করা দু’টি নির্দেশের পাশাপাশি ২০১৫ সালের ২৮ এপ্রিলের নির্দেশিকার কথাও উল্লেখ করা হয়েছে। ওই সমস্ত নির্দেশিকা মেনে টোটোর বেআইনি চলাচল বন্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে।
পরিবহণ দফতরের তরফে ডিজিকে অনুরোধ করা হয়েছে, অধীনস্থ পুলিশ আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়ে জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তায় অনুমোদনহীন টোটো চলাচল বন্ধ করা হোক। নিয়ম ভাঙলে মোটর ভেহিকলস আইন, ১৯৮৮ এবং সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
চিঠিতে বিষয়টিকে ‘জরুরি’ হিসেবে উল্লেখ করে দ্রুত নির্দেশ কার্যকর করার কথা জানিয়েছে পরিবহণ দফতর। ফলে আগামী দিনে গুরুত্বপূর্ণ রাস্তায় টোটোর বিরুদ্ধে পুলিশের নজরদারি ও অভিযান আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।











Leave a Reply